দ্বীন বনাম ধর্ম কুরআনের আলোকে দায়বদ্ধতার ধারণার একটি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ

বিষয় ভিত্তিক প্রবন্ধ | সূচি নং ৩

মূল ধারণা

দ্বীন: সৃষ্টিকর্তা প্রদত্ত দায়বদ্ধতার সার্বজনীন ব্যবস্থা।

ধর্ম: মানব-গঠিত প্রাতিষ্ঠানিক বিশ্বাস, আচরণব্যবস্থা ও সম্প্রদায়গত পরিচয়ভিত্তিক কাঠামো।

২:২> “এটি সেই নথি। এতে কোনো সন্দেহ নেই। আত্মরক্ষাকারীদের জন্য দিশা।”
৩:১৯> “নিশ্চয় আল্লাহর নিকট দায়বদ্ধতা হলো আত্মসমর্পণ। যারা নথিপ্রাপ্ত হয়েছিল, তারা জ্ঞান পাওয়ার পর নিজেদের অহংকার ও বিরোধের কারণে বিভক্ত হয়। আর যে কেউ আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।”

ভূমিকা

আধুনিক বিশ্বে অসংখ্য ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাসব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক ধর্মীয় কাঠামো বিদ্যমান। এই প্রবন্ধের উদ্দেশ্য সেগুলোর তুলনামূলক ধর্মতাত্ত্বিক বিচার নয়; বরং কুরআনিক دِين ধারণাটিকে ‘religion/ধর্ম’ হিসেবে অনুবাদ করার ভাষাতাত্ত্বিক ও ধারণাগত যথার্থতা পরীক্ষা করা।

এই গবেষণার কেন্দ্রীয় প্রশ্ন:

সৃষ্টিকর্তা কি মানুষকে একটি প্রাতিষ্ঠানিক “ধর্ম” দিয়েছেন, নাকি একটি সর্বজনীন দায়বদ্ধতার ব্যবস্থা (দ্বীন) দিয়েছেন?

এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে د ي ن রুটের শব্দসমূহ, কুরআনিক ব্যবহার এবং বিভিন্ন আয়াতের প্রেক্ষাপট বিশ্লেষণ করা হবে। পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে ধর্মের প্রকৃতি, বিভক্তির কারণসমূহ।

১. দ্বীন ও ধর্ম: মৌলিক পার্থক্য

কুরআনিক ব্যবহারে دِين শব্দটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়গত পরিচয়, উপাসনা-পদ্ধতি বা প্রাতিষ্ঠানিক ধর্মের সমার্থক হিসেবে সীমাবদ্ধ নয়। বরং এর ধারণাগত পরিসরের মধ্যে ঋণ, দেনা-পাওনা, হিসাব, বিচার, প্রতিদান, বাধ্যবাধকতা ও দায়বদ্ধতার পারস্পরিক সম্পর্ক রয়েছে।

এই গবেষণায় সেই বিস্তৃত ধারণাগত পরিসর থেকে دِين-এর কোর-সেমান্টিক অনুবাদ হিসেবে “দায়বদ্ধতা” প্রস্তাব করা হচ্ছে।

একজন দেনাদার যেমন পাওনাদারের কাছে একটি নির্ধারিত দায়ের অধীন থাকে, তেমনি মানুষের অস্তিত্ব ও কর্মকাণ্ডও সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতার সম্পর্কের মধ্যে রয়েছে। এই অর্থে দ্বীনকে এমন একটি কাঠামো হিসেবে দেখা যায়, যার মধ্যে দায়, আনুগত্য, বিধান এবং প্রতিদানের সম্পর্ক অন্তর্ভুক্ত।

অন্যদিকে, এই গবেষণায় “ধর্ম” বলতে বোঝানো হচ্ছে মানুষের ঐতিহাসিকভাবে গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক বিশ্বাস, আচার-অনুষ্ঠান, সম্প্রদায়গত পরিচয়, মতবাদ ও কর্তৃত্বকাঠামো।

সুতরাং এখানে পার্থক্যটি হলো:

২. দ্বীন (دِين) শব্দের ধারণাগত পরিসর

অতএব, এই গবেষণায় ঋণ → দায় → জবাবদিহিতা → বাধ্যবাধকতা → হিসাব → প্রতিদান → দায়বদ্ধতা—এই পারস্পরিক ধারণাগত সম্পর্ককে বিবেচনা করা হয়েছে।

৩. কেন “ধর্ম” শব্দটি দিয়ে دِين অনুবাদ করা সমস্যাজনক?

কুরআন অনুবাদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো, একই আরবি শব্দকে বিভিন্ন আয়াতে সম্পূর্ণ ভিন্ন বাংলা শব্দে অনুবাদ করা। যেমন دِين-কে কখনো “ধর্ম”, কখনো “বিচার”, কখনো “প্রতিফল”, কখনো “আইন” এবং কখনো “ব্যবস্থা” বলা হয়, যা অনুবাদের সততা নষ্ট করে। দ্বীন (دِين) কে সর্বত্র “ধর্ম” হিসেবে অনুবাদ করলে কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক অস্পষ্ট হয়ে যায়। এতে কুরআনের শব্দগত ব্যাকরণ, রুট-সত্য এবং ধারণাগত কাঠামোর সামনে একটি বড় ধরনের ভাষাতাত্ত্বিক সংকটে পড়তে হয়। বিশেষত এমন কিছু আয়াত রয়েছে যেখানে “ধর্ম” বসালে বাক্যের অর্থ স্বাভাবিক থাকে না, কিন্তু “দায়বদ্ধতা” বসালে একটি সুসংগত ধারণা প্রকাশ পায়। কারণ কুরআনে دِين শব্দের ব্যবহার এত সংকীর্ণ নয়। ‘দ্বীন’ হচ্ছে একটি পূর্ণাঙ্গ আইনগত ও নৈতিক কাঠামো, যার কেন্দ্রবিন্দু হলো দায়বদ্ধতা (Accountability)।

ক. কুরআনে ইয়াওমুদ্দীন (يَوْمِ الدِّينِ) এসেছে:

যদি দ্বীন (دِين) = ধর্ম ধরা হয়, তাহলে অর্থ দাঁড়ায় “ধর্মের দিন”। কিন্তু সংশ্লিষ্ট আয়াতগুলোতে এটি এমন একটি সময়কে নির্দেশ করে, যেখানে মানুষ তার কর্মের ফল ও দায়বদ্ধতার মুখোমুখি হয়।

তাই এই গবেষণার প্রস্তাবিত পাঠ: “দায়বদ্ধতার সময়”

৩৭:২০> “এবং তারা বলল, ‘হায় আমাদের দুর্ভোগ! এটি দায়বদ্ধতার সময়।’”
৮২:১৭> “এবং কী তোমাকে জানাবে, দায়বদ্ধতার সময় কী?”
৮২:১৮> “অতঃপর কী তোমাকে জানাবে, দায়বদ্ধতার সময় কী?”
৮৩:১১> “যারা দায়বদ্ধতার সময়কে অস্বীকার করে।”

এই পাঠে সময়টি কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় নয়; বরং মানুষের কর্ম ও তার পরিণতির সঙ্গে সম্পর্কিত দায়বদ্ধতার সময়।

খ. দায়বদ্ধতাকে অস্বীকার:

কুরআনে এসেছে: تُكَذِّبُونَ بِالدِّينِ

এখানে دِين = “ধর্ম” করলে অর্থ দাঁড়ায় “তোমরা ধর্মকে অস্বীকার করো”। কিন্তু “দায়বদ্ধতাকে অস্বীকার করো” পাঠটি কর্মের পরিণতি ও হিসাবের ধারণার সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করে। আরবের কুরাইশ বা কাফিররা কিন্তু কোনো না কোনো ধর্মীয় বিশ্বাস বা দেব-দেবীর উপাসনা (ধর্ম) ঠিকই করতো। তারা যা অস্বীকার করতো, তা হলো তাদের কাজের জন্য পরম সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি বা ‘দায়বদ্ধতা’।

৮২:৯> “কখনোই নয়, বরং তোমরা দায়বদ্ধতাকে অস্বীকার করো।”
১০৭:১> “তুমি কি দেখেছ, যে দায়বদ্ধতাকে অস্বীকার করে?”

অর্থগত সামঞ্জস্য: "দায়বদ্ধতাকে অস্বীকার করার ফলে মানুষ তার কাজের পরিণতি ও জবাবদিহিকে উপেক্ষা করার মানসিকতা অর্জন করতে পারে।” তখন মানুষ পাপ বা জুলুম করে, যখন সে মনে করে তার কাজের কোনো জবাবদিহি বা হিসাব দিতে হবে না।

গ. دِينِ اللَّهِ ও دِينُكُمْ:

১০৯:৬> প্রচলিত অনুবাদ: “তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার।” তবে মনে হয় যেন এটি দুটি আলাদা উপাসনা পদ্ধতির রফাদফা।

এই গবেষণার প্রস্তাবিত পাঠ: “তোমাদের জন্য তোমাদের দায়বদ্ধতা এবং আমার জন্য আমার দায়বদ্ধতা।”

এখানে দ্বীনকে সম্প্রদায়গত “ধর্ম” হিসেবে না দেখে প্রত্যেক পক্ষের নিজ নিজ দায়বদ্ধতার সম্পর্ক হিসেবে পাঠ করা যায়।

১১০:২> “এবং তুমি মানবসমষ্টিকে দেখবে আল্লাহর দায়বদ্ধতার মধ্যে দলে দলে প্রবেশ করতে।”

এখানে فِي دِينِ اللَّهِ-কে “আল্লাহর দায়বদ্ধতার মধ্যে” পাঠ করলে সৃষ্টিকর্তার নির্ধারিত দায়বদ্ধতার কাঠামোর অধীন হওয়ার ধারণাটি সামনে আসে।

৩৯:১৪> “বলো, আমি আল্লাহর দাসত্ব করি, তাঁর জন্য একনিষ্ঠভাবে আমার দায়বদ্ধতা।”

এখানে (مُخْلِصًا لَهُ دِينِي): দাসত্ব বা ইবাদত কেবল আনুষ্ঠানিক পুজো নয়; বরং জীবনের সর্বক্ষেত্রে "সৃষ্টিকর্তার প্রতি নিজের একনিষ্ঠ দায়বদ্ধতা প্রকাশ করা।"

৯৫:৭> "অতএব এরপর কি তোমাকে অস্বীকার করায় দায়বদ্ধতাকে?"

৪. সকল নবীর জন্য কি আলাদা আলাদা ধর্ম ছিল?

কুরআনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, নবীদের মূল দায়বদ্ধতার ব্যবস্থা আলাদা আলাদা ছিল না।

৪২:১৩> “তিনি তোমাদের জন্য সেই দায়বদ্ধতা নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে। আর আমি তোমার প্রতি যা ওহি করেছি, এবং যা আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, তা হলো: দায়বদ্ধতা প্রতিষ্ঠা কর এবং এতে বিভক্ত হয়ো না...”

এই আয়াতে প্রকাশিত মূল শিক্ষা ছিল সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ, ন্যায়, সৎকর্ম ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এবং বিভক্ত না হওয়া।

৫. দ্বীনের উদ্দেশ্য ও প্রয়োগ

দ্বীনকে যদি দায়বদ্ধতার ব্যবস্থা হিসেবে দেখা হয়, তবে এটি কেবল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়। এর সঙ্গে মানুষের কর্ম, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, ন্যায়বিচার এবং পারস্পরিক অধিকার সম্পর্কিত।

অর্থাৎ: সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধতা; নিজের কর্মের প্রতি দায়বদ্ধতা; মানুষের প্রতি ন্যায় ও কল্যাণের দায়বদ্ধতা; নির্ধারিত বিধানের প্রতি আনুগত্য; নিজের কাজের পরিণতির জন্য জবাবদিহি।

৬. দ্বীন বনাম প্রাতিষ্ঠানিক ধর্ম

দ্বীনকে এই গবেষণায় এমন একটি সৃষ্টিকর্তামুখী দায়বদ্ধতা হিসেবে দেখা হচ্ছে, যার কেন্দ্রে রয়েছে: সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ + সত্যের প্রতি আনুগত্য + সৎকর্ম + মানুষের প্রতি ন্যায় + নিজের কর্মের দায়বদ্ধতা।

৭. বিভাজনের প্রশ্ন

প্রকৃতপক্ষে, মানুষের তৈরি ‘ধর্ম’ (organized religion) হলো, সৃষ্টিকর্তার সরাসরি বার্তার ওপর নিজেদের স্বার্থান্বেষী ব্যাখ্যা, আচার-অনুষ্ঠান ও কর্তৃত্ব কাঠামো চাপিয়ে দেওয়া। যা কুরআন সরাসরি বিরোধিতা করে।

৮. দ্বীন, আত্মসমর্পণ ও সৎকর্ম

৪:১২৫> “আর তার তুলনায় দায়বদ্ধতায় কে উত্তম, যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, সৎকর্মপরায়ণ অবস্থায় এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের আদর্শ অনুসরণ করেছে? আর আল্লাহ ইবরাহীমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন।”

৯. সৃষ্টিকর্তা, মানবতা ও জ্ঞান

তাই মূল আহ্বান হতে পারে: ধর্মান্ধতা নয় জ্ঞান, যুক্তি, মানবতা ও দায়বদ্ধতার পথে চলুন।

উপসংহার

কুরআনিক পাঠের আলোকে دِين-কে “দায়বদ্ধতা” হিসেবে অনুবাদ করা একটি গবেষণামূলক প্রস্তাব, যা প্রচলিত “ধর্ম” অনুবাদের পরিবর্তে শব্দটির ধারণাগত সম্পর্কগুলোকে একত্রে ধরে রাখার চেষ্টা করে।

১৭:৯> “নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথে পরিচালিত করে।”

গবেষণার অবস্থান

“দ্বীন = দায়বদ্ধতা” এই প্রবন্ধে একটি গবেষণামূলক কোর-সেমান্টিক প্রস্তাব। এটিকে পূর্বনির্ধারিত চূড়ান্ত অনুবাদ হিসেবে গ্রহণ করা হয়নি।

লেখকের ব্যক্তিগত উপলব্ধি:

আমার উপলব্ধি অনুযায়ী, মানুষকে কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়ের ভিত্তিতে নয়; বরং সত্যের অনুসন্ধান, ন্যায়, মানবতা, সৎকর্ম এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।


লেখক: আকরামুল ইসলাম (আকরাম)

লেখার ধরন: গবেষণামূলক

প্রধান সূত্র: কুরআন

তারিখ: ১৮/০৭/২০২৫ ইং