আরবি ভাষা বিশ্লেষণে রুট (Root) ধারণা একটি মৌলিক ও বহুল ব্যবহৃত পদ্ধতি। প্রচলিত ভাষাবিজ্ঞানে অধিকাংশ আরবি শব্দকে তিন বা ততোধিক ব্যঞ্জনধ্বনির একটি মূল কাঠামোর (Root) অধীনে বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতি শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক ও গঠন ব্যাখ্যায় অত্যন্ত কার্যকর।
তিন অক্ষরের রুট কোনো ঐশী আইন নয়, বরং এটি ভাষা বোঝার একটি 'মানচিত্র' মাত্র।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রুট নিজে কোনো ঐতিহাসিকভাবে লিখিত একক নয়; বরং ভাষা বিশ্লেষণের জন্য প্রণীত একটি বিমূর্ত (abstract) মডেল। আরবি ভাষা আগে ছিল জীবন্ত কথা, পরে সেটাকে শৃঙ্খলিত করার চেষ্টা হয়েছে। প্রাচীন আরবরা জানত শব্দের শক্তি, ছন্দ এবং প্রয়োগ। শিশু যেমন ব্যাকরণ না জেনেই কথা বলে, আরবিও তেমনি ব্যাকরণ-পূর্ব ভাষা ছিল। প্রাচীন রসম-ভিত্তিক পাণ্ডুলিপিতে পৃথকভাবে কোনো "রুট" লেখা থাকে না; সেখানে থাকে সম্পূর্ণ শব্দ।
ইসলাম অনারব অঞ্চলে বিস্তৃত হওয়ার পর আরবি ভাষা বিশ্লেষণকে সুসংগঠিত করার লক্ষ্যে ভাষাবিদরা রুট-ভিত্তিক বিশ্লেষণকে পদ্ধতিগত রূপ দেন। ফলে রুট-তত্ত্ব ভাষা ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণী কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়। রুট ধারণা ভাষার একটি abstraction, যা উপযোগী হলেও অর্থকে সীমাবদ্ধ করতে পারে। রুটকে বানানো হলো ভাষাকে বোঝার যন্ত্র, কিন্তু যখন এই যন্ত্রই মূল অর্থের ওপর কর্তৃত্ব করতে শুরু করে, তখন অর্থের সংকোচন ঘটে। তাহলে দাঁড়ালো রুট ব্যাকরণ হলো ভাষাকে বোঝার মানচিত্র, ভূখণ্ড নয়। বাস্তব অর্থের বাহক হলো সম্পূর্ণ শব্দ; রুট মূলত সেই শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যার একটি বিশ্লেষণী কাঠামো।
এই গবেষণায় আরবিকে ধারণাগতভাবে একটি অর্থসংকুচিত (semantic compression) ভাষা হিসেবে বিবেচনা করা হচ্ছে; অর্থাৎ একটি শব্দে বহুস্তরীয় ধারণা সন্নিবেশিত থাকতে পারে। অপরদিকে বাংলা ও ইংরেজি তুলনামূলকভাবে অর্থ-বিস্তারমূলক (expansive) ভাষা, যেখানে একই ধারণা প্রকাশে একাধিক শব্দের প্রয়োজন হতে পারে। প্রাচীন আরবিতে শব্দের অর্থ নির্ধারিত হতো 'বাক্যের পূর্বাপর সম্পর্ক' দিয়ে। অনুরূপভাবে, প্রাথমিক আরবিতেও শব্দের অর্থ বাক্যের পূর্বাপর সম্পর্ক ও ব্যবহারের প্রেক্ষাপটের মাধ্যমে নির্ধারিত হবে বলে এই গবেষণায় পরীক্ষা করা হচ্ছে।
এখন আমরা বাংলা ভাষা নিয়ে একটি ধারণা আলোচনা করবো। বাংলা "বল" শব্দটি নিয়ে গবেষণা করবো। "আয় বল খেলি" এখানে "বল" খেলার বস্তু। "এই কথা বল" এখানে "বল" কথার সাথে। "আমাকে বল দাও" এখানে "বল" শক্তি বুঝাতে।
এখান থেকে বুঝা যাচ্ছে "বল" সাবজেক্ট নয়, বরং সাবজেক্টের সাথে যুক্ত হয়ে অর্থ বহন করছে। লক্ষ্য করুন "বল" শব্দটি সব জায়গায় একই বানানে আছে, কিন্তু যখন এটি 'খেলা'র সাথে যুক্ত, তখন এটি একটি বস্তু (Object)। যখন এটি 'কথা'র সাথে যুক্ত, তখন এটি একটি ক্রিয়া (Verb)। যখন এটি 'দেওয়া'র সাথে যুক্ত, তখন এটি একটি গুণ বা শক্তি (Abstract Noun)।
অতএব "বল" এখানে স্বাধীন সাবজেক্ট নয়। এটি একটি কোর-ভাব বহন করে। এর অর্থ নির্ধারিত হচ্ছে তার আশেপাশের শব্দ (যেমন: খেলি, কথা, দাও) দ্বারা। প্রাচীন প্রাথমিক আরবিতেও বিভিন্ন রুটের অর্থ বুঝত তার আগে-পিছের শব্দ ও প্রেক্ষাপটের মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকে রুট কোনো “ডিকশনারি-লেবেল” নয়, বরং একটি অর্থক্ষেত্র (semantic field) হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই ধাপের উদ্দেশ্য রুট-ভিত্তিক বিশ্লেষণকে অস্বীকার করা নয়; বরং পরীক্ষা করা যে, রুটের পাশাপাশি সম্পূর্ণ শব্দকেও অর্থ নির্ধারণের প্রাথমিক একক হিসেবে গ্রহণ করলে কুরআনের শব্দার্থে অধিক ধারাবাহিকতা ও অভ্যন্তরীণ সামঞ্জস্য প্রতিষ্ঠা করা সম্ভব কি না।
যদি এই নীতিটি পরীক্ষায় সমর্থিত হয়, তাহলে একই রুটের অর্থে অধিক ধারাবাহিকতা বজায় থাকবে এবং রুট-অর্থ বিকৃত হবে না। আয়াতের ভেতরে অতিরিক্ত ব্যাখ্যা সংযোজনের প্রবণতা হ্রাস করবে। একই শব্দ কুরআনের ভিন্ন জায়গায় গিয়ে শত্রু হয়ে দাঁড়াবে না। ভাষা তখন ধর্মীয় আবেগের খেলনা না হয়ে, চিন্তার যন্ত্রে পরিণত হবে এবং কুরআনের অভ্যন্তরীণ সামঞ্জস্য আরও সুস্পষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।